পরনে শাড়ি, কানে-গলায় গহনা, উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির চোখে-মুখে। তার হাতের মুঠোফোনের সেলফি ক্যামেরায় দৃশ্যটি ধারণ হচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। সমস্বরে তারা বলছেন—‘আর্জেন্টিনা’। সমবেত কণ্ঠে ‘আর্জেন্টিনা’ নামটি শুনে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী।
পরীমণি তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ২২ ঘণ্টায় এ ভিডিওতে রিঅ্যাক্ট পড়েছে ১ লাখ ৯ হাজারের বেশি। মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের অধিক। আর্জেন্টিনার প্রতি পরীমণির এ ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরাও। নানা ধরনের মন্তব্য করে সেই উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন তারা।
কয়েক দিন আগে শুরু হয়েছে ছাব্বিশের ফুটবল বিশ্বকাপ। গোটা দুনিয়া এখন ফুটবল জ্বরে ভুগছেন। অন্য সবার মতো পরীমণিরও প্রিয় দল রয়েছে, সেটি হলো—আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। এ অভিনেত্রীর ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
মেসির খেলা দেখার সময় পরীমণির হার্টবিট বেড়ে যায়। নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”