মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ-কে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে তাকে এভারকেয়ার হসপিটাল-এ ভর্তি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
জানা যায়, গত ৪ জুন মাগুরায় যোগদান করা নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ডা. শামীম কবির-এর নেতৃত্বে এবং ডা. মোহসিন উদ্দিন ফকির-এর তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়। এ সময় তার অসুস্থতার খবর পেয়ে মাগুরা সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোঁজখবর নেন।
মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে অতিরিক্ত এসিডিটির কারণে জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে ঝুঁকিমুক্ত থাকলেও কিছু শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
