আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের বড় হোগলডোরা খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত ফেনসিডিল ও ভারতীয় ঔষধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ও চোরাচালানমুক্ত উপকূলীয় অঞ্চল গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
