মেধা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। এছাড়াও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, “বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ, তাই তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং নতুন নতুন উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এ আয়োজনের উদ্যোগ নেয় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
