মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। গলাচিপা উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
গলাচিপা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইউসুফুর রহমান, উপজেলা তথ্য আপা ইসমত আরা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এম এ জব্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। #
প্রতিবেদক :রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।
