পঞ্চগড় ৫ এপ্রিল: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৯) নামে এক যুবকের মরদেহ প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে বোদা ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পরও ব্যর্থ হলে রংপুর থেকে আসা ডুবুরি দল আড়াই ঘণ্টার মধ্যেই মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক দুপুরে করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীবসহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে অপর দুইজন একজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু সজীব পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই বোদা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তারা সজীবের কোনো সন্ধান পাননি।
পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সজীবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
জানা গেছে, নিহত সজীবের বাড়ি বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন।
বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম এন্টার টিভি কে জানান, খবর পেয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও ব্যর্থ হলে রংপুরের ডুবুরি দলের সহায়তা নেওয়া হয়। পরবর্তীতে ডুবুরি দল এসে আড়াই ঘণ্টার মধ্যেই মরদেহ উদ্ধার করে।
