সিরাজুল ইসলাম
নলডাঙ্গা নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে দুই দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ১৫০টি অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ স্রোতি নেট অপসারণ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হালতী বিলের খোলাবাড়িয়া ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হালতী বিলের ট্যাংকি সংলগ্ন ক্যানেল থেকে ৭০টি চায়না দোয়ারি ও চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। একই সঙ্গে অবৈধ স্রোতি নেট অপসারণ করা হয়।
অভিযানের দ্বিতীয় দিন রোববার (৮ নভেম্বর) মোহনপুর দারা ও আশপাশের বিলে অভিযান চালানো হয়। এ সময় ৮০টি চায়না রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন খালের মুখ থেকে অবৈধ স্রোতি নেট অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও অভয়াশ্রমের সুরক্ষা এবং মৎস্য আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
