শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করা গেলে জাতি নিরাপদ থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, টিকার কোনো ঘাটতি হবে না এবং শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে।
রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে এটাই আমাদের লক্ষ্য। বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ থেকে শুরু হয়ে আগামী ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীন এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা শিশুদের টিকাদানের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।