মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় একটি কম্পিউটার ও স্টেশনারি দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানমালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর গভীর রাতে পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার ডা. জালাল সুপার মার্কেটে অবস্থিত ‘শারমা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর বা চোরের দল দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
দোকানমালিক মো. রাশেদ হোসেন জানান, সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। চোরেরা দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকা, একটি পিসি, দুটি প্রিন্টার, একটি ক্যামেরা, একটি ইন্টারনেট মডেম, পাঁচটি পুরোনো প্রিন্টার, একটি মাউস ও একটি ব্যাংক কার্ড চুরি করে নিয়ে গেছে।
তাঁর দাবি, চুরি হওয়া মালামাল ও নগদ টাকাসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে রাশেদ হোসেন বলেন, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, চুরির অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
