সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার, হু'মকির মুখে জীববৈচিত্র্য।

পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার, হু'মকির মুখে জীববৈচিত্র্য।

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

শীতের আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বিল, জলাশয় ও জলাভূমিতে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি ও পরিযায়ী পাখি। কিন্তু এসব পাখির নিরাপদ আশ্রয়স্থল এখন শিকারিদের তৎপরতায় অনিরাপদ হয়ে উঠেছে। গ্যাস বড়ি ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে অবাধে চলছে অতিথি ও দেশীয় পাখি শিকার। শিকার করা পাখি পরে স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে দিনের পাশাপাশি রাতের আঁধারেও চলছে পাখি শিকার। এ কাজে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। শিকারিরা নানা কৌশলে পাখি ধরে সেগুলো বাজারে বিক্রি করছেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের উত্তর পাশে এবং কালু ও বেলালের ইটভাটা সংলগ্ন বিল এলাকায় প্রকাশ্যে পাখি শিকারের দৃশ্য দেখা যায়। স্থানীয়দের দাবি, এসব এলাকায় বক, পানকৌড়ি, বালিহাঁস, চা-পাখিসহ বিভিন্ন প্রজাতির অতিথি ও দেশীয় পাখি শিকার করা হচ্ছে। পরে এসব পাখি স্থানীয় বিভিন্ন হাট-বাজারে পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, শিকারিরা পাখি ধরতে বিভিন্ন ধরনের ফাঁদ ও গ্যাস বড়ি ব্যবহার করছেন। এর ফলে শুধু পরিযায়ী পাখিই নয়, স্থানীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশীয় পাখির সংখ্যাও ক্রমেই কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতিথি পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছর শীত মৌসুমে হাজার হাজার পরিযায়ী পাখি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন জলাশয়ে আসে। কিন্তু নির্বিচারে শিকার চলতে থাকলে এসব পাখির বিচরণক্ষেত্র নষ্ট হওয়ার পাশাপাশি প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে পোরশা উপজেলা বন কর্মকর্তা মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে তাঁকে প্রায়ই আদালতে ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে অতিথি পাখি শিকারের এমন কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা। তাঁদের দাবি, পাখি শিকারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং জলাশয়গুলোকে পাখির নিরাপদ বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে।
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।