আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
দেশবিরোধী নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেলকুচির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরনগর প্রাইভেট হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।
মিছিল থেকে ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এবং ‘তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনে অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান করবেন। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম সহ তার সমর্থক নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।