কখনো সিনেমার প্রচারে রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে আবার কখনো নানা ব্যতিক্রমী কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন অভিনেতা রাসেল মিয়া। নিজের সিনেমার প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত- সব মিলিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি।
এবার হঠাৎ করেই চলচ্চিত্র ও নাটকের জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন এই অভিনেতা। জানালেন, আল্লাহর কাছে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন রাসেল মিয়া। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!’
এরপরই অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। রাসেল মিয়া লেখেন, ‘আজ থেকে আমার চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সকল কাজ থেকে আমি পুরোপুরি বিদায় নিলাম। তবে আমার সকল প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সবসময় আল্লাহর জন্য যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ! আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন।’
তবে কী ঘটেছিল তার জীবনে? কেন এমন সিদ্ধান্ত নিলেন, কিংবা আল্লাহর কাছে যাওয়ার কথা বলে ঠিক কী বোঝাতে চেয়েছেন—সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।
যেভাবে আলোচনায় এসেছিলেন রাসেল মিয়া
একসময় ইউটিউবে কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া রাসেল মিয়া পরবর্তী সময়ে চলচ্চিত্রে যুক্ত হন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া ‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে বড় পরিসরে আলোচনায় আসেন তিনি। সিনেমাটির নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেন রাসেল।
তবে সিনেমার গল্পের চেয়ে প্রচারণার ধরনই বেশি আলোচনার জন্ম দেয়। কখনো রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করেন তিনি। এমনকি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ বলে প্রচার এবং ‘অজু নিয়ে দেখা যাবে’—এমন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা