আরহাম ইসলাম নামটা দেশের ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। ২০২৪ সালে নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ–১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছিলেন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা থাকা সত্বেও অজানা কারণে বয়সভিত্তিক দলে অস্ত্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলা এই উইঙ্গারের জায়গা হয় না আর।বাংলাদেশের ফুটবলে প্রত্যাখ্যাত হলেও জহুরির চোখ রত্ম চিনতে ভুল করল না। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার আরহাম ইসলাম। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপের জন্য ঘোষিত দলে ডাকা হয়েছে এই ১৭ বছর বয়সী উইঙ্গারকে।
অস্ট্রেলিয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিরুদ্ধে। এরপর ২০ ডিসেম্বর তারা মুখোমুখি হবে জাপানের ঘরোয়া দল শিজুওকা প্রিফেকচারের এবং ২১ ডিসেম্বর দলটি জাপানের বিপক্ষে খেলবে সফরের শেষ ম্যাচ।
হেড কোচের দায়িত্বে থাকবেন রিচার্ড গার্সিয়া, কারণ নিয়মিত হেড কোচ ট্রেভর মরগান এই টুর্নামেন্টে উপস্থিত থাকতে পারবেন না। তিনি বর্তমানে ফুটবল অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রযুক্তিগত পরিচালকের দায়িত্ব পালন করছেন।
