স্বামী মারা গেছেন ১৩ বছর আগে। একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করলেও বৃদ্ধা মায়ের কোনো খোঁজখবর রাখেন না। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবন চলছিল ফালানি আক্তারের (৬৫)। কিন্তু দুই মাস আগে কালবৈশাখী ঝড়ে উড়ে যায় তার একমাত্র আশ্রয়স্থল মাটির ঘরের চাল। এরপর থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ কপাটিয়া পাড়া এলাকার এই বিধবা নারীর।
সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ মাটির ঘরটির চাল নেই, মেঝেতে জন্মেছে ঘাস। সম্প্রতি সরকারি সহায়তায় দুই চোখে অস্ত্রোপচার করিয়েছেন ফালানি আক্তার। টাকার অভাবে ঘর মেরামত করতে না পেরে তিনি সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়ার পর থেকে বৃদ্ধা ফালানি আক্তার চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত তার জন্য সহায়তার দাবি জানিয়েছেন।
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
