কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামাপাড়া গ্রামে প্রবাসীদের উদ্যোগে এক মনোরম ও অনুপ্রেরণামূলক ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশে থাকা ৫-৬ বছরের শিশু সন্তানদের উৎসাহিত করা এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করা।
গ্রামের প্রবাসী ভাইদের দেশে অবস্থানরত সন্তানদের নিয়ে এবং অন্যান্য শিশু-কিশোরদের অংশগ্রহণে দুটি দল গঠন করা হয় – আর্জেন্টিনা এ দল বনাম আর্জেন্টিনা বি দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় হোসেন্দী নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং প্রাক্তন প্রবাসী জনাব লাল মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো: মোখসুদ। শিশু সন্তানদের সাথে নিয়ে লাল মোহাম্মদ ও মোখসুদ যৌথভাবে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন করেন। তাদের উপস্থিতিতে মাঠ জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। খেলার শুরুতে তারা আয়োজক প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা মাঠের পাশে বসে পুরো খেলা উপভোগ করেন। নির্ধারিত সময়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ হয়। আর্জেন্টিনা এ দল ১ গোল এবং আর্জেন্টিনা বি দলও ১ গোল করে। ফলাফল ড্র হওয়ায় খেলায় সমান উত্তেজনা ও উদ্দীপনা বজায় থাকে।
খেলা শেষে কোমলমতি শিশু ও কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লাল মোহাম্মদ। খেলার এই মনোরম আয়োজন এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি আনন্দময় স্মৃতির সৃষ্টি করে এবং এভাবে সফলতার সাথে এই আয়োজন সমাপ্ত হয়। এই ধরনের উদ্যোগ এলাকায় শিশুদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন সকলে।
মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি |
