নির্দিষ্ট সময়ে শেষ হয় না সরকারি অনুদান পাওয়া বেশির ভাগ সিনেমার কাজ, এমন অভিযোগ অনেক দিনের। টাকা পাওয়ার পরও সিনেমা শেষ করতে না পারায় নির্মাতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের ঘটনাও দেখা গেছে। তবে এবার উল্টো অভিযোগ পাওয়া গেল নির্মাতাদের কাছ থেকে।
অনুদান ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় আটকে আছে ২০২৪-২৫ অর্থবছরের সিনেমার কাজ। বারবার যোগাযোগ করেও মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না নির্মাতারা। এমন কথাই জানালেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাওয়া নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
গত বছরের জুলাইয়ে প্রজ্ঞাপন জারির পর সেপ্টেম্বরে প্রদান করা হয় প্রথম কিস্তির ২০ শতাংশ অর্থ। এরপর আর কোনো অর্থ পাননি নির্মাতারা। এ নিয়ে গত ২৯ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর চিঠি দেন চার নির্মাতা গোলাম সোহরাব দোদুল, আলভী আহমেদ, সিংখানু মারমা ও জগন্ময় পাল। সেই চিঠিতে উল্লেখ করা হয়, প্রথম কিস্তির অর্থ পাওয়ার দুই মাসের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া, শুটিং শিডিউল, লোকেশন ব্যবহারের অনুমতিপত্র এবং শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুলিপি জমা দেওয়ার পরেও পরবর্তী ৫০ শতাংশ অর্থ বুঝে পাননি নির্মাতারা।