নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় নওগাঁ শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাহমতে এলাহী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল।
অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবেশগত ক্ষতি, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় হিসাবরক্ষক মো. মতিউল আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী নাহার, আক্তার জাহান, জাহানারা বানু, সায়মা আক্তার এবং মিনহাজুল ইসলাম সোহাগসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক একটি বড় হুমকি। এ ধরনের প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ ও এর পরিবেশবান্ধব বিকল্প জনপ্রিয় করতে আইনি পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা আরও জানান, বেলার উদ্যোগে দেশের বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন, তথ্যচিত্র প্রদর্শন, প্রেজেন্টেশন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের কাগজের কাপ, চটের ব্যাগ ও স্টিলের বোতল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যাতে প্লাস্টিক দূষণ কমিয়ে একটি নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।
