শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৯২ কেজি গাঁজা এবং ৮,১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গত ১৩ জুন (২০২৬ খ্রি.) শনিবার রাত ২৩:৪৫ ঘটিকায় কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের রাউৎখোলা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল
অভিযান চলাকালীন রাউৎখোলা দক্ষিণ পশ্চিমপাড়া সাকিনের জনৈক সরুজ মিয়ার বাড়ির দক্ষিণ পাশে ফুল মিয়ার চাষের জমির ওপর মাদক কারবারিদের অবস্থান টের পায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মাদক কারবারি মালামাল ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯২ কেজি গাঁজা এবং ৮,১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
