নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় প্রকাশ্যে দিনে-দুপুরে ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ নামে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে দুইটার দিকে রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
স্বজনরা জানান, মোটরসাইকেলে আসা দুই যুবকের মধ্যে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কাইলা মাসুদ’ হঠাৎ করেই পলাশের মাথায় পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর পরই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবির একাধিক টিম।
