নিউজ ডেস্ক :
খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। গুঞ্জন উড়ছে, অভিনয় থেকে অবসর গ্রহণ করবেন ৫৮ বছরের অক্ষয়। সত্যি কী অবসর নিচ্ছেন এই তারকা?
কয়েক দিন আগে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। তিনি বলেন, “ভোর ৪টায় যখন ঘুম থেকে উঠি তখন এমনটা মনে হয়। কিন্তু পাঁচ সেকেন্ড পরই মনে পড়ে, আমাকে শুটিংয়ে যেতে হবে। তারপর মনে হয়, ৩০০ জন মানুষ আমার অপেক্ষায় রয়েছেন, আমাকে সেটে পৌঁছাতে হবে। তাই এই চিন্তা আমার মাথায় মাত্র পাঁচ সেকেন্ড থাকে। এরপর ভাবি, ‘ঠিক আছে, আগামীকাল অবসর নেব।’ কিন্তু পরের দিন আবার ভোর ৪টায় ঘুম ভাঙে এবং একই ঘটনা ঘটে। এভাবেই ৩৬ বছর কেটে গেছে।”
খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন, “আমি যদি অবসর নিই, তাহলে কী হবে? বাড়িতে বসে বসে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে। কুকুর হাঁটাতে নিয়ে যেতে হবে। বাগানের মালি হয়ে যেতে হবে। সংসারের সব কাজই আমার কাঁধে পড়বে। তাই আমার মনে হয়, কাজে যাওয়াই ভালো। আমি অবসর নেব না। সেটাই ভালো হবে।”
পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান কি না? এমন প্রশ্নের জবাবে অক্ষয় কুমার জানান, এরই মধ্যে কাজ থেকে বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তা বেশিদিন টেকেনি। তার ভাষায়—“এমনটা হয়। আমি চেষ্টা করেছি। কিন্তু একদিন পরই ওরা (আমার পরিবার) বলতে শুরু করল, ‘বাবা, তুমি কখন কাজে যাবে?’ ব্যস, এটাই। তাই ব্যাপারটা এমনই। কাজ করে যাওয়াই ভালো।”
মৃত্যুর পাঁচ সেকেন্ড আগে মানুষের অবসর নেওয়ার ঘোষণা দেওয়া উচিত বলে মত অক্ষয় কুমারের। এ বিষয়ে তিনি বলেন, “সত্যি বলতে—আমি মনে করি ‘অবসর’ শব্দটাই ভুল। একজন মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন তার মৃত্যুর আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি। মৃত্যুর সময় সে বলবে, ‘ভাই, আমি অবসর নিচ্ছি’। সেটাই বেশি ভালো হবে। অবসর নিয়ে চিন্তা করবেন না। কাজ করে যান। আপনি যদি দীর্ঘ জীবন চান, তাহলে কাজ করে যান।”