গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল এবং পথসভার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা সংলগ্ন আশপাড়া মোড়ের লাকী কম্পিউটার টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের নেতৃত্বে ৩০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি আশপাড়া মোড় এলাকা প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসছে, সারা বাংলা কাঁপছে’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েকজনকে ‘Come Back Sheikh Hasina’ লেখা প্ল্যাকার্ড বহন করতেও দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিওতে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবকে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি বলেন, “আজকের এই মিছিলের পরে আমরা যদি গ্রেপ্তার হই, যদি আমাদের ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয়, তবুও আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে সরে আসব না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে প্রতিজ্ঞা করেছি, তা থেকে একটুও পিছপা হব না।”
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল শেষে পথসভা
শেখ হাসিনা আসছে, সারা বাংলা কাঁপছে।”
তবে মিছিলের সুনির্দিষ্ট স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ কেউ দাবি করেছেন, মিছিলটি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় হয়েছে। আবার অনেকের মতে, আশপাড়া মোড়ের লাকী কম্পিউটার টিকিট কাউন্টারের সামনেই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “খবর পাওয়ার পর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
