মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে সাটুরিয়া থানার চর সাটুরিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিস ভবনের দ্বিতীয় তলায় একটি ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এ উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ শাওন (২৭)। তিনি সাটুরিয়া উপজেলার কুমেরপাড় (ধুল্লা) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম নাজিম এবং মাতার নাম চঞ্চলা বেগম। তবে অভিযানের সময় তাঁর সহযোগী সুমন (৩৮) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরী এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে শাওনের দখলে থাকা কক্ষ তল্লাশি করে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়।
মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, বিপথে নেয় সমাজকে। সেই অন্ধকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে।
সাটুরিয়ার এই অভিযানও মাদকমুক্ত সমাজ গঠনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামি সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
