নিউজ ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ আহমেদ বরাবরই ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে তার উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুণ। ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক এই অভিনেতার ফুটবল-ভালোবাসার শুরু কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে ঘিরে।
প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থনের কারণ জানতে চাইলে ডা. এজাজ বলেন, ‘একদম ছোটবেলা থেকে ম্যারাডোনাকে আমার ভালো লাগতো। তার খেলা দেখেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়। ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছি।’
তিনি জানান, সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। বর্তমানে আর্জেন্টিনাকে সমর্থনের অন্যতম কারণ লিওনেল মেসি। এ বিষয়ে ডা. এজাজ বলেন, ‘এখন মেসিকে ভালো লাগে। তার খেলার নৈপুণ্য, পরিশ্রম এবং ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। মেসিকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনার প্রতি সমর্থন আরও বেড়েছে।’
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেতা। প্রিয় দল এবারও শিরোপা জিতবে বলে বিশ্বাস তার।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্জেন্টিনা অবশ্যই জিতবে। এই আশা কেন করব না? একজন সমর্থক হিসেবে আমি সবসময় আমার দলের জয় দেখতে চাই। ফুটবলে অনেক কিছুই সম্ভব।’
নিজের আশাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে ডা. এজাজ বলেন, ‘একসময় সবাই বলতো বিদেশি চ্যানেল চলে এসেছে, বাংলা নাটক কেউ দেখে না। কিন্তু সেই ধারণা বদলে গেছে। এখন দেশের নাটক আবারও দর্শকের ভালোবাসা পাচ্ছে। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়েও আমি আশাবাদী।’