ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া যুবকবৃন্দের উদ্যোগে এক জমকালো ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়ার ফরিদ চেয়ারম্যান মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ক্ষিদ্রমাটিয়া ক্রিকেট একাদশ ও ফায়ার বল ক্রিকেট একাদশ। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফায়ার বল ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে ১১৯ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে ক্ষিদ্রমাটিয়া ক্রিকেট একাদশ। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করেও তারা ১১৬ রানে থেমে যায়। ফলে ৩ রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফায়ার বল ক্রিকেট একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শামিম বিন আমির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য আল আমিন প্রামানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং বড়ধুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে ধরে রাখা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজনে: ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া যুবকবৃন্দ।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
