মাগুরা জেলা কারাগারে কারাবন্দী স্ত্রীকে দেখতে এসে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে কারারক্ষী নং-৪২৩২৬ মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবির মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত মো. দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, মো. দবির মোল্লা (পিতা: মোতালেব মোল্লা) মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক থাকা তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে এসেছিলেন। তন্বী খাতুনও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন ২০২৬ তারিখে মাগুরা জেলা কারাগারে আসেন।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, “কারাগারে মাদক প্রবেশের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয়। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ কারাগারে মাদক প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমাদের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
