নিউজ ডেস্ক :
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। ২০২৬ বিশ্বকাপে এই তিন আয়োজক দেশের তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, যা টুর্নামেন্টের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
একসময় বিশ্বকাপে একটি দেশেই একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল প্রচলিত রীতি। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু সিউলেই। তবে সময়ের সঙ্গে সেই ধারা বদলে এবার এসেছে বহু-আয়োজক ও বহুমঞ্চের নতুন ধারণা। তিন দেশ নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও ফুটবল আবহকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আলাদা আলাদা আয়োজন করেছে।
মেক্সিকো সিটি: প্রথম উদ্বোধনী মঞ্চ
বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। তার ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে থাকবে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকারা, যার মধ্যে রয়েছেন শাকিরা ও বার্না বয়, পাশাপাশি আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউনস, মানা এবং টাইলা।
উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে—স্কুল বন্ধ, সরকারি কর্মীদের জন্য রিমোট কাজের সুযোগ এবং বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
কানাডা: সংস্কৃতি ও সংগীতের মেলবন্ধন
কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে টরন্টো স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক দল মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১টায় ম্যাচ শুরু হবে।
অনুষ্ঠানে কানাডার ইতিহাস ও অর্জনকে তুলে ধরা হবে বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে। পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়সহ আরও অনেকে।
যুক্তরাষ্ট্র: লস অ্যাঞ্জেলেসে তারকার ঝলক
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান এবং সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।
এখানে থাকবে বিশাল ভিজ্যুয়াল শো, গল্পভিত্তিক মঞ্চায়ন এবং বিশ্বমানের সংগীত পরিবেশনা। পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারসহ আন্তর্জাতিক তারকারা।
এক বিশ্ব, তিন মঞ্চ, এক বার্তা
তিনটি দেশে আলাদা আয়োজন হলেও মূল বার্তা একই—সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে বিশ্বকে একত্রিত করা। প্রতিটি অনুষ্ঠানে ফুটবলের ঐক্য ও বৈশ্বিক সংযোগের বার্তা তুলে ধরা হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ পুরো আয়োজনের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, প্রতিটি শো আলাদা রূপে সাজানো হলেও সবগুলোর মূল উদ্দেশ্য একটাই—ফুটবলের বিশ্বজনীন শক্তিকে উদযাপন করা।
