গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে মাটির ঘর লেপার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান বানু (৫০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মদন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ মাওনা এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের বাড়িতে মাটির ঘরের মেঝে লেপার কাজ করছিলেন চান বানু। কাজের একপর্যায়ে ঘরের ভেতরে থাকা একটি ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজে বৈদ্যুতিক ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করতেন চান বানু। হঠাৎ এ দুর্ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার হোসাইন বলেন, আমি এখন ব্যস্ত আছি।বক্তব্য নিতে হলে ঘটনাস্থলে আসতে হবে,মোবাইলে দিব না।আসেন।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
