আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: সিসি ক্যামেরায় নজরদারি করে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালানোর সময় ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বুধবার (১০ জুন) রাতে আখাউড়া সড়ক বাজার পৌর ভবন সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির স্থান নজরদারিতে ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত আখাউড়া সড়ক বাজার এলাকায় এক ঝটিকা অভিযান চালানো হয়। আখাউড়া পৌর ভবনের পশ্চিম পাশে ১নং আসামি মো: দুলাল মিয়ার (৪১) মালিকানাধীন তিন কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেফতার এড়াতে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির ওপর নজর রাখতে ওই ঘরে সিসি ক্যামেরা স্থাপন করে মাদক কেনাবেচা চলছিল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. *মো: দুলাল মিয়া (৪১)*, পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আখাউড়া সড়ক বাজার (পৌর ভবনের বিপরীত পাশে), আখাউড়া পৌরসভা।
২. *মো: সরল (২৯)*, পিতা- মো: তাজুল ইসলাম, সাং- দুবলা, বাসুদেব ইউপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
৩. *মোঃ রুবেল (৩৯)*, পিতা- মৃত মোস্তফা মিয়া, সাং- দেবগ্রাম, আখাউড়া পৌরসভা।
৪. *মো: বাবু মিয়া (৩২)*, পিতা- মো: সাহাবুদ্দিন মিয়া, সাং- পূর্ব কলেজ পাড়া, আখাউড়া পৌরসভা।
৫. *মো: রবিউল ইসলাম (২২)*, পিতা- মো: তাফছিরুল আলম, সাং- কোড্ডা, বাসুদেব ইউপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
অভিযান শেষে উদ্ধারকৃত ৪৫ পিস ইয়াবা, মোবাইল ফোন ও সিসি ক্যামেরাসহ আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন
