সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি সুন্দর, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের প্রত্যয়ে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, নাজমুল হাসান জুয়েল, মো. ফজল উদ্দিন, ফারুক আহমেদ নোমান, আবুবকর সিদ্দিক চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, সচেতনতামূলক বই ও সাহিত্য সমাজ পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। একজন লেখকের কলম যেমন মানুষের চিন্তাকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে, তেমনি গণমাধ্যমও সমাজকে আলোকিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানে ইতালি প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ তাঁর গ্রন্থ রচনার পটভূমি, উদ্দেশ্য এবং সমাজ সংস্কারে লেখালেখির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ গঠনের জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক গুণাবলির চর্চাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ উপহার দিতে।
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থটি সমাজের নানা অসঙ্গতি, দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোকে সামনে এনে পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার প্রয়াস মাত্র। সমাজের কল্যাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের কপি বিতরণ করা হয়। এ সময় বইটি নিয়ে সাংবাদিকদের মধ্যে আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
ছাতক প্রতিনিধিঃ

