মাগুরার শালিখা উপজেলায় মর্নিং ওয়ার্ক করতে বের হয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চুকিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মর্নিং ওয়ার্কের জন্য আড়পাড়া বাজারের ব্যবসায়ী হরসিত বিশ্বাস (৬৫) আড়পাড়া-কালীগঞ্জ সড়কে বের হন। আড়পাড়া থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চুকিনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
হরসিত বিশ্বাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল এ চিকিৎসার জন্য নিয়ে যান।
খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
