বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে। আর এ সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমে পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে। এখন সেই বৃত্ত ভেঙে নায়িকাকেন্দ্রিক ছবিও নির্মিত হয়।
যদিও নায়কদের পারিশ্রমিক এখনো আকাশচুম্বীই বলা যায়। তবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই নায়িকারাও। চলুন দেখা নেওয়া যাক ২০২৬ সালে কোন নায়িকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন? ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)-এর সর্বশেষ সমীক্ষা বলছে, চলতি বছর বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ভারতীয় ছবির জন্য ‘পিগি চপস’ নিয়ে থাকেন ৩০ থেকে ৪০ কোটি।
তিনি শুধু সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীই নন, তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুও তাঁকে শীর্ষ তালিকায় স্থান দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো বিগ বাজেটের ছবির জন্য এই অভিনেত্রী নিয়েছেন ২৫-৩০ কোটি। তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইনও এই রোজগারে বড় অবদান রেখেছে।
তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিপ্রতি তিনি ২০-৩০ কোটি নিয়ে থাকেন। বিজ্ঞাপন রাজ্যেও দীপিকা বড় নাম। একটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন ৭-১০ কোটি। চতুর্থ স্থানে রয়েছেন কঙ্গনা রনৌত।
সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫-২৫ কোটি। পঞ্চম স্থানে রয়েছেন কারিনা কাপুর খান। মাঝে বিরতির পর ‘দ্য বাকিংহাম মার্ডার’ ও ‘ক্রিউ’-এর মতো সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। ছবিপ্রতি নিয়ে থাকেন ১০-২০ কোটি টাকা।
