জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম শহীদ হলেন শহীদ ওসমান হাদি। তিনি শুধু একজন শহীদ নন, তিনি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক। শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের জন্য পথনির্দেশনা, যে পথে হেঁটেই আমাদের এগিয়ে যেতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশ একটি বৈচিত্র্যে ভরপুর দেশ—বহু মত, বহু পথ, বহু ধর্ম, বর্ণ ও ভাষার মিলনস্থল। এই বৈচিত্র্যকে অস্বীকার নয়, বরং সম্মান ও সংহতির মাধ্যমে ধারণ করেই আমাদের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্ত, সুবিন্যস্ত ও মানবিক করে গড়ে তুলতে হবে। গণতন্ত্রের পথে আমাদের অবিচল থাকতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াই চালিয়ে যেতে হবে, কারণ এই পথেই নির্মাণ সম্ভব। এই পথেই টেকসই রাষ্ট্র ও সমাজ গড়া যায়।’
তিনি বলেন, ‘ভাঙচুর, সহিংসতা বা ধ্বংস নয়। আমাদের লক্ষ্য হতে হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক লড়াই। ন্যায়, সাম্য ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। এই দেশের মুক্তি ও ভবিষ্যৎ নির্মাণের জন্য গণতন্ত্র ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই।’
