মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের স্বল্প বিরতির পর মেট্রো রেল এখন স্বাভাবিকভাবে চলাচল করছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার জন্য ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এরপর আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় পরপর ট্রেন চলাচল করছে।
তিনি বলেন, ‘শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
আর মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। আর সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।’
