মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে হরিণের মাংস বহনের সময় পল্লী বিদ্যুতের এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে কর্মরত বলে জানা গেছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ওই দুজনকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে গ্রেপ্তার দুজনকে মঠবাড়িয়া থানায় নিয়ে যায় পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
