মা ইলিশ সংরক্ষণে শিবালয়ের যমুনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ বিরোধী অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নদীর তীরবর্তী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে; যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া অভিযানে জব্দ করা ২ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। এসময়, ৭টি জীবন্ত ইলিশ মাছ নদীতে উন্মুক্ত করা হয়। রবিবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে আরও ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। এ ছাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযানের বিষয়ে শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ চলমান রয়েছে। মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
