মাগুরায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মাঠ সংযুক্তি কার্যক্রমে নিয়োজিত প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এবং জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।মতবিনিময় সভায় মাঠ সংযুক্তি কার্যক্রমের বিভিন্ন দিক,মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম ও জনসেবার বাস্তব অভিজ্ঞতা,প্রশিক্ষণার্থীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন।পরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। সভায় দক্ষতা উন্নয়ন,কর্মক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার,উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা,৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিহাদ হাসান
নিজস্ব প্রতিবেদক,মাগুরা।
