নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশদের দাপ্তরিক দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ এবং মাঠপর্যায়ে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সহজ হবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন তথ্য ও বার্তা দ্রুত পৌঁছে দেওয়া, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত দায়িত্ব পালনে এসব বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি বিভিন্ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কাজে সহযোগিতা করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইসাইকেল পাওয়ায় তাঁদের চলাচল আরও সহজ হবে এবং দায়িত্ব পালনে গতি বাড়বে।”
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে দ্রুত সরকারি সেবা ও তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
