কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকটি অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ এক তরুণকে আটক করা হয়। বিজিবির হিসাবে জব্দ হওয়া পণ্যের মূল্য ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানায়। আটক ব্যক্তি ও জব্দ মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ৪৭ বিজিবির আওতাধীন শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। এর সিজার মূল্য ৩৮ হাজার টাকা।
ওই রাতেই রংমহল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসবের সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
এছাড়া সকালে ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. সনি (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এই চালানের সিজার মূল্য ৭০ হাজার ২৮ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আক্তারুল ইসলাম, কুষ্টিয়া
