আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিনটি উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে সাবেকদের মধ্যে একটি ম্যাচ আয়োজনের মাধ্যমে।রোববার (১৪ ডিসেম্বর) টি-২০ ফরম্যাটের এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে দুটি দল একে অপরের মুখোমুখি হবে।
মুশতাক একাদশের হয়ে খেলবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দলে আরও আছেন খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররা। জুয়েল একাদশে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, তালহা জুবায়ের ও এনামুল হক মনি।
মুশতাক একাদশের কোচ হিসেবে আছেন দিপু চৌধুরী, ম্যানেজার ফারুক আহমেদ। ফিজিও এনামুল হক ও টিম অ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন। জুয়েল একাদশের কোচ, ম্যানেজার, ফিজিও ও টিম অ্যাসিস্ট্যান্ট যথাক্রমে গোলাম ফারুক, রকিবুল হাসান, আবু হানিফ ও মিলন খান।
