মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাঁচবিবি তিনমাথা এলাকায় পাঁচবিবি মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা আক্তার শীতল, বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য নজরুল, দেলোয়ার, বাচ্চু, সোবাহান, সেলিম, মকলেজ, জাকির ও হিরন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ভয়ভীতি প্রদর্শন বা হামলার শিকার হতে হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এ ছাড়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি