মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর প্রকল্প পরিচালক শামশুল করিম, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ , সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিল ব্যবস্থাপনা কমিটির স্থানীয় সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত সুধীজনরা অংশগ্রহণ করেন।
সভায় জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়গুলোতে মৎস্যসম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পোনা মাছ রক্ষা এবং স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা জবই বিলসহ পার্শ্ববর্তী জলাশয়গুলোর সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।##
এম এ মতিন
মান্দা প্রতিনিধি, নওগাঁ