শাহ আমানত মিঠু মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে জুবায়ের (৬) নামে এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং সুস্থ আছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর জুবায়ের বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
জুবায়ের মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। পরিবারের দাবি, সাপে কামড়ানোর পর তার হাতে মোটা রশি দিয়ে অতিরিক্ত শক্ত করে বাঁধা হয়েছিল। এতে শিশুটির হাতে প্রচণ্ড জ্বালা শুরু হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু আহসান বলেন, “মোটা রশি দিয়ে হাত অতিরিক্ত শক্ত করে বাঁধার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে শিশুটি রক্ষা পেয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং সুস্থ রয়েছে।”
তিনি আরও বলেন, সাপে কাটলে কোনো ধরনের কবিরাজি বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। দ্রুত চিকিৎসা নেওয়াই ঝুঁকি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বর্তমানে শিশু জুবায়ের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
