সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত এল্লারচর ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রায় চার বছর ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে প্রতিদিন ব্রিজ দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। ঝুঁকিপূর্ণ এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর আরও অভিযোগ, ব্রিজটির পাশে রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে প্রতিদিন অসুস্থ ও মুমূর্ষু রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে। কিন্তু ব্রিজটির বেহাল অবস্থার কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন অবস্থা থাকলেও এখনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়বে না, ব্রিজটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ হয়ে গেলে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ এই সড়কের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এলাকাবাসী বলেন, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় না থেকে এখনই ব্রিজটির সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে ব্রিজটি প্রয়োজন হলে নতুন করে পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:
