কক্সবাজারের উখিয়া কুতুপালং বাজার সমিতির বিরুদ্ধে ১৪ হাজার পিস ইয়াবা ও টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে। গত চার-পাঁচ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) এবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাজার এলাকায় এক ব্যক্তিকে ধাওয়া করা হচ্ছে এবং পরবর্তীতে কুতুপালং বাজার সমিতির কার্যালয়ে এ নিয়ে বিচার সালিশ ও টাকা ভাগ-বাটোয়ারা চলছে।
এই ভিডিও প্রকাশের পর এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হলে, এর তীব্র প্রতিবাদ ও দায় অস্বীকার করে গতকাল ১০ ই জুলাই বিকালে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
ভিডিওর পেছনের আসল সত্য কী? বাজার সমিতির ব্যাখ্যা
সংবাদ সম্মেলনে আলাদা আলাদা বিবৃতিতে বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ইয়াবা ও টাকার ভাগ-বাটোয়ারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তাদের বক্তব্য অনুযায়ী, আসল ঘটনাটি ছিল একটি চুরির বিচার। তারা জানান, ঘটনার দিন এক ত্রিফল চোরকে ধরে বাজারে বিচার ধার্য করা হয়েছিল। সেই চোরের কাছ থেকে উদ্ধার হওয়া ৩ টি ত্রিফল বস্তাকেই ভিডিওতে ভিন্ন রূপ দিয়ে 'ইয়াবার বস্তা' বলে অপপ্রচার চালানো হচ্ছে।
টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগের জবাব
ভিডিওতে দৃশ্যমান টাকা লেনদেনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ উপস্থাপন করেন। তিনি জানান, ভিডিওতে যে টাকা দেখা যাচ্ছে, তা সমিতির এক সদস্যকে ২০ হাজার টাকা ধার দেওয়া হয়েছিল সেই ২০ হাজার টাকার মধ্যে আমার ব্যক্তিগত টাকা ছিল ১০ হাজার টাকা এবং ওই সদস্য ২০ হাজার টাকা ফেরত দিলে সেখান থেকে সমিতির সাধারণ সম্পাদক আমাকে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়,সেটাকে ভিন্ন কথায় রূপ দেওয়ার চেষ্টা করেছে আমাদের কাছে পরাজিত প্রার্থীরা ।
তারা অভিযোগ করেন, বাজার সমিতির বিগত নির্বাচনে যারা পরাজিত হয়েছিল, সেই প্রতিপক্ষ গ্রুপটি রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই চুরির বিচার ও ধারের টাকার ভিডিওটিকে 'ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা' হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হুশিয়ারি দিয়ে বলেন, "যদি কোনো ব্যক্তি বা মহল প্রমাণ করতে পারে যে এই টাকা ইয়াবার বা কোনো মাদকের টাকা, তবে আমরা স্বপ্রণোদিত হয়ে পদ থেকে পদত্যাগ করব। পাশাপাশি প্রশাসন যে কোনো আইনি ব্যবস্থা নিলে তা মাথা পেতে নেব।"
তারা আরও বলেন, কুতুপালং বাজার সমিতি সর্বদা মাদকের বিরুদ্ধে আপসহীন। একটি মহল বাজার সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাজার সমিতির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন, বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া পেজ কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই না করেই এই 'ফেক নিউজ' বা বিভ্রান্তিকর খবরটি প্রচার করেছে। ভবিষ্যতে কুতুপালং বাজার সমিতি সংক্রান্ত যে কোনো সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের সঠিক তথ্য যাচাই-বাছাই করার জন্য তারা বিনীত অনুরোধ জানান।
মোহাম্মদ গিয়াস উদ্দিন উখিয়া প্রতিনিধি।
