সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও পরিকল্পনাকে আরও কার্যকর করতে "গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি" প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বেলকুচি উপজেলা কার্যালয়ের আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সমর্থিত প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম। কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট মাহফুজুর রহমান।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআইএস প্রযুক্তির মাধ্যমে উপজেলার বিদ্যমান সড়ক নেটওয়ার্ক, সংযোগ ব্যবস্থা, জনসেবা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সড়কের সম্পর্ক বিশ্লেষণ করে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। এতে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনা সময়ের দাবি। জিআইএস-ভিত্তিক এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়ক
উন্নয়নে একটি সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি হবে, যা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগের গুরুত্ব, জনসাধারণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলার কোর রোড নেটওয়ার্ক চূড়ান্তকরণ এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ সড়ক অবকাঠামোকে আধুনিক, পরিকল্পিত ও টেকসই রূপ দেওয়ার লক্ষ্যে জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ সংগ্রহ করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এসব তথ্য অন্তর্ভুক্ত করা হয়।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
