ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
জনদুর্ভোগ লাঘবে আগামী এক মাসের মধ্যে ৪৬ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরার শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীর উদ্দেশ্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “আমি নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আপনাদের থেকে দূরে সরে যাইনি। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া এই ব্রিজটি সংস্কার করা। ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ শুরু হবে।”
তিনি জানান, ব্রিজটি সংস্কারের জন্য প্রথমে ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সম্পূর্ণ সংস্কারের জন্য তা যথেষ্ট নয়। পরবর্তীতে সাতক্ষীরার উন্নয়নমূলক কাজের বরাদ্দ থেকে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হবে।
এসময় তিনি আরও বলেন, “জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই আমার লক্ষ্য। সাতক্ষীরার উন্নয়নে আমি সবসময় কাজ করে যাবো।”
ব্রিজ সংস্কারের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত কাজ শুরুর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
