মাগুরা জেলা কারাগারে আটক কারাবন্দীদের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে ফগার মেশিন (মশানিধন যন্ত্র) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ১টায় মাগুরা জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফগার মেশিনের শুভ উদ্বোধন ও হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, “কারাবন্দীরাও রাষ্ট্রের নাগরিক। তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মশাবাহিত রোগ প্রতিরোধে এই ফগার মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারাগারের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার। তিনি কারাগারের স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়নে সহযোগিতার জন্য সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অতিথিরা কারাগারের সার্বিক পরিবেশ, স্বাস্থ্যসেবা ও বন্দীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফগার মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কারাগার কর্তৃপক্ষের নিকট যন্ত্রটি হস্তান্তর করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে কারাগারের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হবে এবং বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
