সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় অবস্থিত বিভিন্ন প্রসেসিং ও ডাইং মিলে পরিবেশ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম ও তাঁর নেতৃত্বাধীন টিম উপস্থিত ছিলেন। এছাড়াও বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ তাত্ক্ষণিকভাবে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় মিল থেকে সরাসরি নির্গত দূষিত পানির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মিলের পার্শ্ববর্তী এলাকা ও নিকটস্থ টিউবওয়েল থেকে পানির নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
এদিকে চালা এলাকায় অবস্থিত ‘মেসার্স শিল্পী প্রসেসিং মিল’ এবং ‘সততা প্রসেসিং মিল’-এর প্রতিনিধিদের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায় পৃথক দুটি মামলায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় শেরনগর ও চালা এলাকার বিভিন্ন মিল মালিক ও প্রতিনিধিদের পরিবেশ দূষণ রোধে সরকারি বিধি-বিধান মেনে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণে বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বেলকুচি উপজেলায় পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
