কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় জবলা রানী সরকার (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন, ২০২৬) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-গচিহাটা রেলওয়ে সেকশনের ২৭৯/০-১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জবলা রানী সদর উপজেলার কালিকাবাড়ী এলাকার পরেশ চন্দ্র সরকারের স্ত্রী।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারোসিন্দুর গোধুলি ট্রেনটি গন্তব্যে যাওয়ার পথে ওই বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (নং-০৬/২৬) দায়ের করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মোঃ শাহজাহানকে।
পরবর্তীতে মৃতার বড় ছেলে পরিমল চন্দ্র সরকারের আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি:- মাহ্ফুজুল হক খান (জিকু)
