পিরোজপুর সদর উপজেলায় "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে "স্টার্টআপ টাইম প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন)সকালে উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) ও এসইডিপি-এর আয়োজনে অনুষ্ঠানটি যৌথভাবে বাস্তবায়ন করে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমর কৃষ্ণ ঘরামী,
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিম,পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল সাকিব এবং পবিত্র গীতা পাঠ করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধৃতাদেবী হালদার।
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক এই আয়োজনে পিরোজপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ২৬টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। প্রধান অতিথি মাসুদ সাঈদী প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রজেক্টগুলোর আরও উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী দেশব্যাপী এমন চমৎকার আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "বাংলাদেশে অনেক প্রতিভা সঠিক মূল্যায়নের অভাবে হারিয়ে যায়। আজকে যারা অনেক কষ্ট করে এই উদ্ভাবনগুলো করলো, সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে হয়তো একদিন তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এভাবেই দেশ থেকে 'ব্রেইন ড্রেন' (মেধা পাচার) হচ্ছে। আমরা আমাদের প্রতিভাধরদের ধরে রাখতে পারছি না।"
তিনি বিশ্বখ্যাত স্থপতি ফজলুর রহমান (এফ আর) খানের উদাহরণ টেনে বলেন, "আধুনিক সিয়ার্স টাওয়ারসহ বহু বিখ্যাত স্থাপনার নকশাকার এফ আর খান এই বাংলাদেশেরই মানুষ ছিলেন। অথচ আমরা আমাদের দেশের এই মহান প্রতিভাকে কাজে লাগাতে পারিনি।"
সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, "মেধাবীদের মূল্যায়নের যে উদ্যোগ আজ নেওয়া হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিভাধর ও মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।"
পিরোজপুর প্রতিনিধি:
